পিরোজপুরের ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বাসের মধ্যে ঘুমিয়ে থাকা চালকের সহকারী (হেলপার) সিয়াম অগ্নিদগ্ধ হয়ে মারা যান। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) ভোররাত ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকায় বরিশাল মালিক সমিতির 'বাহক' ও ঝালকাঠি মালিক সমিতির 'লিসা' নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
দুর্বৃত্তদের অগ্নিসংযোগের পর স্থানীয় পুলিশ টহল দিতে এসে বাসের ভিতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে দেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরে 'বাহক' নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ভান্ডারিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান জানান, থামিয়ে রাখা ২টি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানা যায়নি।