পিরোজপুরে একটি আলুবোঝাই ট্রাক নিয়ে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এ ঘটনায় পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শতশত যানবাহন ও হাজারো মানুষ।
বুধবার ভোররাতে দেবীপুর এলাকায় তুষখালি মঠবাড়িয়া এলাকার ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, ভোররাতে একটি আলুবোঝাই ট্রাক ব্রিজের উপরে উঠলে সেটি ভেঙে পড়ে। এর ফলে দুই প্রান্তের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সকাল হলে ব্রিজের দুই পাশে যানবাহনের চাপ বাড়ে। সড়ক বিভাগের কর্মীরা ব্রিজটি মেরামতের চেষ্টা চালাচ্ছেন। ব্যবসায়ী জাকির হোসেন বলেন, ‘ভোর রাতে ট্রাক নিয়ে ব্রিজে উঠার কিছুক্ষণ পরে ব্রিজটি ভেঙে পড়ে। আমরা ট্রাকের মধ্যে ছিলাম এবং কোনোমতে বের হয়ে আসি। আমাদের হেলপাররা সামান্য আহত হয়েছে।’
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, ‘ওভারলোড একটি ট্রাকের কারণে ব্রিজটি ভেঙে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি মেরামতের চেষ্টা চলছে। তবে যান চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগবে তা বলা কঠিন।’