মানহানির মামলায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসাইন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (১০ জুন) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় উভয় পক্ষই আদালতে উপস্থিত ছিলেন। আদালত উল্লেখ করেছেন যে, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমার সঙ্গে রাকিবের বিয়ে হয় এবং তাদের একটি আট বছরের মেয়ে রয়েছে। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি নাসির হোসাইন ও তামিমার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি রাকিবের নজরে আসে।
এরপর রাকিব অভিযোগ করেন যে, নাসির অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন, যা ব্যভিচার ও মানহানির অভিযোগ হিসেবে গণ্য হয়।
মামলায় ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে তিন জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। ২০২২ সালে অভিযোগ গঠনের মাধ্যমে নাসির ও তামিমার বিচার শুরুর আদেশ দেন আদালত। তবে, নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে মামলাটি থেকে অব্যাহতি দেওয়া হয়।