রাশিয়ার পশ্চিম সাইবেরিয়ায় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন আরোহী প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে কেমেরোভো শহরের কাছে একটি জনবসতিহীন এলাকায়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানটি আন্তোনভ অ্যান-১২ মডেলের এবং এটি মস্কো থেকে প্রায় ৩ হাজার কিলোমিটার পূর্বে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিক তদন্তে বিমানটির যান্ত্রিক ত্রুটিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তির বরাতে জানানো হয়েছে যে, রুশ বিমানবাহিনীর বিশেষজ্ঞরা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছেন।
আঞ্চলিক গভর্নর ইলিয়া সেরেদিউক দুর্ঘটনাস্থল থেকে টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তিনি জানান, বিমানটি আকাশসীমা দিয়ে উড়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়।
এদিকে, ফ্লাইট নিরাপত্তাবিধি লঙ্ঘনের সম্ভাব্য অভিযোগে তদন্ত শুরু করেছে রাশিয়ার শীর্ষ অপরাধ তদন্ত সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি।
আন্তোনভ অ্যান-১২ মডেলের বিমানটি ১৯৫০-এর দশকের শেষ দিকে পরিষেবায় যুক্ত হয় এবং এর এক হাজারের বেশি বিমান তৈরি করা হয়েছিল।