বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেনকে সহায়তা দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতায় সংকট

ইউক্রেনকে সহায়তা দিতে গিয়ে মার্কিন সেনাবাহিনীর সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পেন্টাগনের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ইউক্রেনকে সহায়তা দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতায় সংকট

ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে গিয়ে মার্কিন সেনাবাহিনীর সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পেন্টাগনের নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সহায়তার জন্য অর্থ জোগাতে ইউরোপে মোতায়েন মার্কিন সেনাদের নিয়মিত কার্যক্রম ও সামরিক সরঞ্জামের খুচরা যন্ত্রাংশ কেনার অর্থ সরিয়ে নিতে হয়েছে। এর ফলে প্রশিক্ষণ ও যুদ্ধ প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে।

২০২৫-২৬ অর্থবছরে ইউক্রেনকে সহায়তা দিতে সেনাদের খুচরা যন্ত্রাংশ কেনা ও নিয়মিত কার্যক্রমের জন্য ৩৬ কোটি ৪৬ লাখ ডলার অন্যান্য খাত থেকে সরানো হয়েছে। কংগ্রেসে নতুন জরুরি সহায়তা প্যাকেজ অনুমোদন না হওয়ায় এই অর্থসংকট তৈরি হয়েছে।

রিপাবলিকান নেতাদের অনেকেই ইউক্রেনকে অবাধে অর্থ সহায়তার বিরোধী। প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপীয় মিত্রদের ওপর আর্থিক দায়িত্ব চাপানোর পক্ষে। ২০২২ সাল থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ১৯ হাজার ৮০০ কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে।

এছাড়া, ইউক্রেনকে দেয়া অস্ত্র ও গোলাবারুদের মজুত পূরণে পেন্টাগনের ৩ হাজার ৮৬০ কোটি ডলারের ঘাটতি রয়েছে। গত মাসে ওয়াশিংটন ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধক বিক্রির অনুমোদন দিয়েছে, তবে সরবরাহে কিছু বছর লাগবে।

বাইডেন আমলের সহায়তার প্রতিশ্রুতি এখন মার্কিন সামরিক বাহিনীতে আর্থিক চাপ তৈরি করছে। নিজেদের অস্ত্রের মজুত ও যুদ্ধ প্রস্তুতি নিশ্চিত করাই এখন পেন্টাগনের বড় চ্যালেঞ্জ। অন্যদিকে, রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে যে, পশ্চিমা সামরিক সহায়তা ইউক্রেন যুদ্ধের ফল বদলাবে না বরং সংঘাত দীর্ঘ করবে।

বিজ্ঞাপন