সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৩য় বিমানবাহী রণতরী ও ১০ হাজার সেনা মোতায়েন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ও ১০ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৩য় বিমানবাহী রণতরী ও ১০ হাজার সেনা মোতায়েন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা বিবেচনা করছেন। এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী এবং অতিরিক্ত মেরিন সেনা ইউনিট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

এতে অঞ্চলটিতে ৯ হাজার থেকে ১০ হাজার মার্কিন সেনা যুক্ত হতে পারে। মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। নতুন সেনা, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান নভেম্বরের শেষ নাগাদ মধ্যপ্রাচ্যে পৌঁছাবে।

ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনের পর, নভেম্বরেই ইরানে বোমা হামলা শুরুর প্রত্যাশা করছেন। এদিকে, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে।

একই সময়ে ইউএসএস মাকিন আইল্যান্ড অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপও ঘাঁটি ছেড়ে মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে। এসব জাহাজে ১৩তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সেনাসদস্যরা রয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরী—ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন অবস্থান করছে।

রুজভেল্ট পৌঁছানোর পর ওয়াশিংটন ওই অঞ্চলে তিনটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ মোতায়েন করবে। গত এপ্রিলের পর এই প্রথম এমন পরিস্থিতি তৈরি হবে।

আগে, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত সাময়িকভাবে বন্ধ করতে দুই পক্ষ একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে পৌঁছেছিল। তবে সেই যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ চলছে।

বর্তমানে ইউএসএস বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপের কয়েকটি যুদ্ধজাহাজও মধ্যপ্রাচ্যে রয়েছে। চলতি সপ্তাহে নতুন সেনাসদস্য যুক্ত হলে যুক্তরাষ্ট্রের মোট সেনা উপস্থিতি ৫০ হাজার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

বিজ্ঞাপন