সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

গুয়াদালাহারা কার্টেলের প্রতিষ্ঠাতা ফেলিক্স গায়ার্দো মারা গেছেন

মেক্সিকোর গুয়াদালাহারা কার্টেলের প্রতিষ্ঠাতা ফেলিক্স গায়ার্দো মারা গেছেন।

গুয়াদালাহারা কার্টেলের প্রতিষ্ঠাতা ফেলিক্স গায়ার্দো মারা গেছেন

মেক্সিকোর গুয়াদালাহারা কার্টেলের প্রতিষ্ঠাতা মিগেল অ্যাঞ্জেল ফেলিক্স গায়ার্দো মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, গায়ার্দোকে দুই দিন আগে গুয়াদালাহারার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে একাধিক অঙ্গ বিকল হয়ে পড়ায় ১৫ নভেম্বর দুপুর ২টার দিকে তার মৃত্যু ঘটে।

১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তা এনরিক 'কিকি' ক্যামেরেনা ও মেক্সিকোর পাইলট আলফ্রেডো জাভালা আভেলার হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে গায়ার্দোকে দণ্ডিত করা হয়। এই ঘটনায় তিনি মেক্সিকোর অন্যতম কুখ্যাত মাদক পাচারকারী হিসেবে পরিচিতি পান। ১৯৮৯ সালে গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে ছিলেন।

গায়ার্দো ১৯৪৬ সালে মেক্সিকোর সিনালোয়া রাজ্যের কুলিয়াকান শহরে জন্মগ্রহণ করেন। পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করে তিনি ধীরে ধীরে অপরাধজগতে প্রবেশ করেন এবং 'গডফাদারদের গডফাদার' হিসেবে পরিচিতি লাভ করেন। তার নেতৃত্বে গুয়াদালাহারা কার্টেল মাদক ব্যবসায় ব্যাপক প্রভাব বিস্তার করে।

গায়ার্দোর বিরুদ্ধে আইনি লড়াই কয়েক দশক ধরে চলে। ১৯৮৯ সালে গ্রেফতারের পর তাকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০১৭ সালে, হত্যাকাণ্ডের মামলায় তাকে আরও ৩৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনি বরাবরই নিজের দোষ অস্বীকার করেছেন।

ফেলিক্স গায়ার্দোর জীবনের কাহিনী সম্প্রতি নেটফ্লিক্সের সিরিজ 'নারকোস: মেক্সিকো'-তে তুলে ধরা হয়। মৃত্যুর আগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তিনি এক চোখে দৃষ্টিশক্তি হারান এবং প্রায় বধির হয়ে পড়েন।

বিজ্ঞাপন