মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার রায় বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগের আদালতে ঘোষণা করা হবে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের মাধ্যমে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করা হবে বলে আশা প্রকাশ করেছেন কৌসুলিরা।
প্রায় সাত বছর ধরে চলা এই বিচারের দিকে গোটা বিশ্বের নজর রয়েছে। ঘরবাড়ি হারিয়ে এবং স্বজনদের ফেলে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১০ লাখ রোহিঙ্গা বিচারের এই ফলাফলের অপেক্ষায় আছেন। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন।
গাম্বিয়া ২০১৯ সালে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে অভিযোগ করে যে, মিয়ানমার ১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত বিভিন্ন নথি, তথ্য-প্রমাণ ও সাক্ষ্য পর্যালোচনা করেছে।
গণহত্যার অভিযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য ছিল কি না। রোহিঙ্গাদের পক্ষে আইনজীবীরা দাবি করেছেন, রাখাইনে হামলা, অগ্নিসংযোগ, হত্যা, ধর্ষণ ও যৌন নির্যাতন গণহত্যার শামিল।
গত জানুয়ারিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া কয়েকজন রোহিঙ্গার সাক্ষ্যও নিয়েছে আদালত। তবে মিয়ানমার এসব অভিযোগ অস্বীকার করে আসছে এবং দাবি করছে, ২০১৭ সালের রাখাইনে সামরিক অভিযান ছিল বিদ্রোহীদের বিরুদ্ধে।
বর্তমানে মিয়ানমারে ৬ লাখেরও কম রোহিঙ্গা টিকে আছেন। বিশেষজ্ঞদের মতে, এই মামলার রায় শুধু রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রশ্নেই গুরুত্বপূর্ণ নয়, বরং আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রেও নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এর প্রভাব গাজায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান গণহত্যা মামলাতেও পড়তে পারে।