শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনই স্থায়ী সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই স্থায়ী সমাধান, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনই স্থায়ী সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করাই স্থায়ী সমাধান বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আজ বুধবার মন্ত্রণালয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই কারির সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ১৫ লাখ রোহিঙ্গা অবস্থান করছে, যা দেশের অর্থনীতির জন্য একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি উল্লেখ করেন, দাপ্তরিক নথিপত্রে রোহিঙ্গাদের সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে তাদের সংখ্যা অনেক বেশি।

মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলার রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান তিনি।

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই কারি বাংলাদেশ সরকারের মানবিক সহায়তার জন্য প্রশংসা করেন এবং রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বৈঠকে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় মাদক, অস্ত্র পাচার ও সাইবার অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। এছাড়া, মিয়ানমার সরকারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা জোর দেওয়া হয়।

সাক্ষাৎকালে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী থমাস হুনেকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন