মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার মামলার রায় বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগের আদালত ঘোষণা করবে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের মাধ্যমে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করা হবে বলে আশা প্রকাশ করেছেন কৌশলীরা।
প্রায় ৭ বছর ধরে চলা এই বিচারের দিকে গোটা বিশ্বের নজর রয়েছে। ঘরবাড়ি হারিয়ে, স্বজনদের ফেলে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ১০ লাখ রোহিঙ্গা। তাদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে বৃহস্পতিবার।
২০১৭ সালের সামরিক অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসা ৭ লাখের বেশি রোহিঙ্গা ২০১৯ সালে গাম্বিয়ার মাধ্যমে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে। অভিযোগ করা হয় যে, মিয়ানমার ১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।
বিচারের প্রক্রিয়ায় আদালত বিভিন্ন নথি, তথ্য-প্রমাণ ও সাক্ষ্য পর্যালোচনা করেছে। বিশেষত, গণহত্যার অভিযোগের ক্ষেত্রে জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল কি না তা গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের পক্ষে আইনজীবীরা দাবি করেছেন, রাখাইনে হামলা, অগ্নিসংযোগ, হত্যা, ধর্ষণ ও যৌন নির্যাতন গণহত্যার সামিল।
গত জানুয়ারিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া কয়েকজন রোহিঙ্গার সাক্ষ্যও নিয়েছে আদালত। অন্যদিকে, মিয়ানমার এসব অভিযোগ অস্বীকার করে আসছে এবং দাবি করছে যে, ২০১৭ সালের সামরিক অভিযান বিদ্রোহীদের বিরুদ্ধে ছিল। বর্তমানে মিয়ানমারে ৬ লাখেরও কম রোহিঙ্গা বেঁচে আছেন।
বিশেষজ্ঞদের মতে, এই মামলার রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রশ্নে গুরুত্বপূর্ণ, পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রেও নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এর প্রভাব গাজায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান গণহত্যা মামলাতেও পড়তে পারে।