বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে বাসের ধাক্কায় পরিবহন শ্রমিকের মৃত্যু

রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় পরিবহন শ্রমিক ফসিয়ার রহমান হাসান নিহত হয়েছেন।

রাজধানীতে বাসের ধাক্কায় পরিবহন শ্রমিকের মৃত্যু

রাজধানীর উত্তরার জসিমউদ্দীন রোডে বাসের ধাক্কায় ফসিয়ার রহমান হাসান (৪২) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, জরুরি বিভাগের চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত হাসান মাগুরা জেলার শালিখা উপজেলার বয়রা গ্রামের ছফদুর মোল্লার ছেলে ছিলেন।

তিনি রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনের ই-ব্লক এলাকায় বসবাস করতেন এবং দুই ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন। নিহতের ছেলে অনিক জানান, তার বাবা পিপিবি পরিবহন নামে একটি বাসের সুপারভাইজার ছিলেন। বাসটি ঘাটারচর থেকে আব্দুল্লাহপুর রুটে চলাচল করত।

অনিক বলেন, ‘দুর্ঘটনার সময় আমার বাবা বাস থেকে নেমে সামনে এগিয়ে গিয়েছিলেন এবং বাসটিকে থামার জন্য সিগন্যাল দিয়েছিলেন। ওই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে আমার বাবাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন