নাটোরে একটি ট্রাক খাদে পড়ে হেলপারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সদর উপজেলার হাগুড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার রিপন হোসেন পাবনার হেমায়েতপুর এলাকার মনিরুল ইসলামের ছেলে। ঝলমলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক জাফর ইকবাল জানান, দিনাজপুর থেকে পাবনাগামী চালবোঝাই ট্রাকটি নাটোরের হাগুড়িয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান।
এ সময় ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিপন নিহত হন।
দুর্ঘটনার পর চালক মাসুদ রানা গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হেলপারের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।