নাটোরের লালপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে শান্ত ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতের এই দুর্ঘটনা ঘটে সালামপুর খাঁপাড়া এলাকায়।
নিহত শান্ত ইসলাম সালামপুর গ্রামের মিলন হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত মোটরসাইকেল নিয়ে লালপুর বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় বিপরীতমুখী একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার পর শান্ত গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় এবং এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।