নাটোরে জয় বাংলা স্লোগান দিয়ে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ও ১০০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে শহরতলির দত্তপাড়া বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, রাতে দুইটি মাইক্রো, একটি পিকআপ এবং একটি প্রাইভেটকারযোগে ২৫ থেকে ৩০ জন দুর্বৃত্ত দত্তপাড়া বাজারে প্রবেশ করে। তারা দোনালা বন্দুক দিয়ে ১০০ থেকে দেড়শ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং পরে ককটেল বিস্ফোরণ ঘটায়। এই ঘটনার কারণে আতঙ্কিত হয়ে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নাশকতাকারীদের ধরতে অভিযান শুরু করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগকে অভিযুক্ত করে তাদের আইনের আওতায় আনার দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে।