রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রংপুরে বাস থেকে ফেলে দুই যুবককে হত্যার অভিযোগ

রংপুরে চলন্ত বাস থেকে দুই যুবককে ফেলে হত্যার অভিযোগে চালক ও সুপারভাইজার আটক।

রংপুরে বাস থেকে ফেলে দুই যুবককে হত্যার অভিযোগ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় চলন্ত বাস থেকে দুই যুবককে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার মুকুল ইসলাম (২৮) এবং শাকিব বসুনিয়া (২২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা কুমিল্লা সেনানিবাস এলাকায় নির্মাণশ্রমিকের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসভাড়া নিয়ে বিরোধের জেরে বাসের চালক ও সুপারভাইজারের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এসময় বাসের লোকজন মুকুল ও শাকিবকে লাথি দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেয়।

স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে।

তারাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা দুই যুবককে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, 'এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।' তিনি উল্লেখ করেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন