রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৯ টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের জিগারতল এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের মুকুল (৩০) ও শাকিল (২৮)। তারা কুমিল্লার একটি নির্মাণ প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের একটি নৈশকোচে ভাড়া নিয়ে কন্ডাক্টরের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কন্ডাক্টর দুই যাত্রীকে চলন্ত কোচ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় এবং আরও একজন, আতিকুল ইসলাম, আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, এ ঘটনায় নৈশকোচের চালক আব্দুল আজিজ ও হেলপার শফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তারা পুলিশের হেফাজতে রয়েছেন।