গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালুর বিরুদ্ধে প্রশাসনের অভিযানের সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে চার সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিকরা হলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম, দৈনিক দেশ রূপান্তরের খন্দকার রফিকুল ইসলাম রফিক, স্থানীয় জনসেনা পত্রিকার স্টাফ রিপোর্টার তাজরুল ইসলাম এবং সাংবাদিক পাপ্পু সরকার। বর্তমানে তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, শনিবার বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল ও সহকারী কমিশনার ভূমি মো. আল ইয়াসা রহমান তাপাদার অবৈধভাবে বালু উত্তোলন করে রাখা স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় বালু জব্দ করা হয় এবং বালু বহনের জন্য চারটি ট্রাক্টর আটক করা হয়।
অভিযানের ভিডিও তথ্য সংগ্রহ করে সিএনজিচালিত অটোরিকশায় ফেরার পথে তিনটি মোটরসাইকেলে নয়জন সাংবাদিকদের পথ রোধ করে। পরে একটি ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে এবং মারধর করে। এ সময় তাদের ফোন কেড়ে নিয়ে বন্ধ করে রাখা হয়।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রশিদ হৃদয় ও পলাশবাড়ী কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মাজেদুল ইসলামের নেতৃত্বে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর হামলা চালায়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, "ঘটনার বিষয়টি শুনেছি। এটি খুবই দুঃখজনক। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল বলেন, "সাংবাদিকদের অবরুদ্ধ করে মারধরের কথা আমি শুনেছি। জব্দকৃত গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে।"