শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

খাগড়াছড়িতে সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে সাবেক বিজিবি সদস্য অংথেপ্রু মারমার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

খাগড়াছড়িতে সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে সীমান্তে অংথেপ্রু মারমা (৬৬) নামের এক সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। অংথেপ্রু মারমা রামগড়ের সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অংথেপ্রু শুক্রবার বেলা ২টার দিকে গরুর ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৯টায় বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। তাঁর ছেলে থৈ অংগ্য মারমা বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে সন্ধান না পাওয়ার পর রাত ১০টার দিকে স্থানীয় বিজিবিকে খবর দেওয়া হয়।

শনিবার ভোর বেলা থেকে গ্রামবাসির সহায়তায় পুনরায় নিখোঁজ বাবার সন্ধান শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনীনদীর পাড়ে ঘাসের বস্তাটি দেখতে পান। পরে নদীর পানিতে ডুবন্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়। থৈ অংগ্য জানান, বাবার কপালে জখমের চিহ্ন ছিল এবং তখনও রক্তক্ষরণ হচ্ছিল।

মরদেহের সন্ধান পাওয়ার খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়। এর আগে স্বজনেরা নদীর ওপার থেকে মরদেহ উদ্ধার করে এপারে নিয়ে আসেন। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরির পর সকাল ১০টার দিকে মরদেহ থানায় আনে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, নিহত অংথেপ্রু মারমার কপাল ও নাকের ওপর জখমের চিহ্ন রয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর এবং আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন