চাঁদপুরের হাজীগঞ্জে একটি পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামের সাবেক এক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
দুলাল মিয়াজী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার হিসেবে পরিচিত ছিলেন। নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গ্রেপ্তারের ভয়ে তিনি গত কয়েক দিন ধরে রাতে ঘরে ঘুমাতে পারতেন না। মঙ্গলবার সন্ধ্যায় তার মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে ঘুমাতে যান।
স্থানীয়রা বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। নিহতের শরীরে, বিশেষ করে মাথা ও পিঠে মারাত্মক জখম ও আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।