কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মঙ্গলবার রাতে পুলিশের মাদকবিরোধী অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই উপ-পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য আহত হন।
হামলার সময় আহত পুলিশ সদস্যদের মধ্যে এসআই মো. জনি, এসআই জিহাদ আলী এবং কনস্টেবল ইমরান হোসেন রয়েছেন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী নিয়মিত অভিযানে যাওয়ার সময় সন্দেহভাজন দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ। আটক হওয়ার খবর ছড়িয়ে পড়লে অন্যান্য মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায় এবং আটক আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ফলে ডিবি পুলিশের তিন সদস্য গুরুতর আহত হন। ঘটনার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত পুলিশ সদস্যদের হাসপাতালে পাঠায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, 'কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে পুলিশের ওপর হামলার একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে। বিস্তারিত পরে জানানো হবে।'