ভারতের উত্তরপ্রদেশে দিওয়ালির রাতে বাজি ফোটানো নিয়ে বিবাদে গুলিবিদ্ধ হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মরের দেহরক্ষী সৌরভ তোমার (২৬)। বুধবার (১১ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে এই ঘটনার বিস্তারিত জানানো হয়েছে।
সৌরভ, যিনি ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান, বর্তমানে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিওয়ালির রাতে সৌরভ ও তার ভাই বাজি পোড়াচ্ছিলেন। এসময় তাদের সঙ্গে ধীরাজ ও মনু নামের দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এই মৌখিক বিবাদ চরম সহিংসতায় রূপ নেয় এবং ধীরাজ একটি দেশি পিস্তল বের করে গুলি চালায়।
একটি গুলি প্রথমে দেয়ালে লেগে সৌরভের কানের ঠিক পেছনে মাথায় বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লে উপস্থিত জনতা দ্রুত পালিয়ে যায়।
২০২১ সালে সেনাবাহিনীতে যোগদান করা সৌরভ, ভারতের সবচেয়ে পুরোনো অশ্বারোহী রেজিমেন্টের সদস্য। তিনি দিওয়ালির ছুটি কাটাতে উত্তরপ্রদেশের বাগপত জেলায় নিজের গ্রামের বাড়িতে এসেছিলেন।
হাসপাতালে নেওয়ার পর অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথা থেকে গুলিটি বের করা সম্ভব হলেও, বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন। সৌরভের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি এফআইআর দায়ের করেছে এবং পলাতক অভিযুক্তদের খুঁজছে।