বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনে অগ্নিকাণ্ড, আটক ২

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনে অগ্নিকাণ্ড, আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই বগির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে এবং পাশের আরেকটি বগিতে ডিজেলজাতীয় দাহ্য পদার্থ ছিটানো হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি ওয়াশিং কার্যক্রম শেষে শান্টিংয়ের জন্য নির্ধারিত স্থানে অবস্থান করছিল। এসময় অজ্ঞাত দুর্বৃত্তরা ট্রেনের ‘ট’ বগিতে আগুন ধরিয়ে দেয়। গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিক রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। আগুনে ‘ট’ বগির সাতটি টু-সিটার ও চারটি ফোর-সিটার আসন ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর রেলওয়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে সন্দেহভাজন দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন মো. রুনি (২৬) ও মোরছালিন (১৮), যাদের বাড়ি কুমিল্লা। তাদের আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন