পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় মঙ্গলবার রাত ১২টার পর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দোগাছী বাজারে অবস্থিত ব্যাংকটির শাখায় এ ঘটনা ঘটেছে, যেখানে দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে জানা গেছে।
গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল শাখার এজিএম আসাদুজ্জামান জানান, দোগাছী বাজারের একটি ভাড়া বাসায় ব্যাংকটির কার্যক্রম চলছে। রাত ১২টার পর দুর্বৃত্তরা ব্যাংকের সামনের অংশে এবং কক্ষের জানালায় পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর ফলে কক্ষের ভেতর আগুন ধরে যায়।
এ সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আসাদুজ্জামান আরও জানান, আগুনের ঘটনায় ব্যাংকের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘রাতেই টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’