বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ৬৪, নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে
অপরাধ

পাবনায় গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

পাবনায় গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তাকে অর্থ আত্মসাতের মামলায় ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

পাবনায় গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

পাবনার বিশেষ জজ আদালত অর্থ আত্মসাতের মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক এক কর্মকর্তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আদালত আত্মসাৎ করা ৯ লাখ ২৪ হাজার ৮ টাকা ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছেন।

বুধবার দুপুরে বিচারক আবু সালেহ মো. সালাহ্উদ্দিন খাঁ এ রায় ঘোষণা করেন। মামলার অপর দুই আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ আইনজীবী অ্যাডভোকেট মলয় কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত সৈয়দ আব্দুল্লাহ আল মামুন গ্রামীণ ব্যাংকের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট শাখার সাবেক সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গুয়াগাঁতী গ্রামের সৈয়দ আব্দুল খালেকের ছেলে। খালাস পাওয়া দুই আসামি হলেন একই শাখার সাবেক সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সৈয়দ নজরুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন।

রায় ঘোষণার সময় আল মামুন আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়। মামলার এজাহার অনুযায়ী, ২০০৯ সালের আগস্ট থেকে ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত ভদ্রঘাট শাখায় দায়িত্ব পালনকালে তিন কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতি ও ভুয়া ঋণ বিতরণের অভিযোগ ওঠে।

গ্রাহকদের কাছ থেকে আদায় করা টাকা কালেকশন শিটে অন্তর্ভুক্ত না করে ব্যাংকে জমা না দেওয়ার অভিযোগও রয়েছে। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের তৎকালীন উপসহকারী পরিচালক সাইদুর রহমান ২০১৯ সালের ২৪ জানুয়ারি কামারখন্দ থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০২১ সালের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। দীর্ঘ শুনানি, সাক্ষীদের সাক্ষ্য ও উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন। মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাইদুল ইসলাম চৌধুরী এবং রাষ্ট্রপক্ষে ছিলেন দুদকের বিশেষ আইনজীবী অ্যাডভোকেট মলয় কুমার দাস।

বিজ্ঞাপন