মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

আ.লীগের আটক নেতাকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ সিলেটে

সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা করে আ.লীগের নেতাকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

আ.লীগের আটক নেতাকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ সিলেটে

সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আটককৃত এক নেতাকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত নেতার নাম জাকারিয়া মাহমুদ, যিনি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। হামলাকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেয়।

সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, জাকারিয়া মাহমুদকে আটক করার পর থানায় নিয়ে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটে। তিনি বলেন, “সোমবার সন্ধ্যায় হরিপুর বাজার থেকে তাকে আটক করা হয়। এরপর পরিচের ব্রিজ এলাকায় কিছু লোক পুলিশের গাড়ি গতিরোধ করে এবং হামলা চালায়।”

এ ঘটনায় জাকারিয়া মাহমুদসহ হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিজ্ঞাপন