ইসরায়েলের পার্লামেন্টে নবনির্বাচিত ১২০ সদস্য আজ শপথ গ্রহণ করেছেন। তবে দেশটির সরকার গঠনের প্রক্রিয়া একটি জটিল রাজনৈতিক সমীকরণের কারণে আটকে গেছে। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের সামনে একাধিক পথ খোলা থাকলেও প্রতিটি পথেই রয়েছে রাজনৈতিক ঝুঁকি, এমন মত বিশ্লেষকদের।
আইজেনকটের কাছে আরব দলগুলোর সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠন, কট্টরপন্থি ইহুদিদের সঙ্গে সমঝোতা, অথবা প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের চেষ্টা করার বিকল্প রয়েছে। তবে যদি এ সব পথেও সমাধান না আসে, তাহলে পুনর্নির্বাচনের সম্ভাবনা দেখা দেবে।
গত মাসে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা হলেও, ক্ষমতার মসনদ এখনও ফাঁকা রয়েছে। পার্লামেন্টে কোনো একক দলের সংখ্যা গরিষ্ঠতা নেই, যার ফলে জোটের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে গাদি আইজেনকটের উপর রাজনৈতিক অচলাবস্থা কাটানোর দায়িত্ব পড়েছে।
সরকার গঠনের জন্য ৬১ আসনের প্রয়োজন, কিন্তু আইজেনকটের জোটের রয়েছে মাত্র ৪৮টি আসন। আরব দলগুলোর ১৯ আসন তাদের সমর্থন পেলে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হতে পারে। ইতিমধ্যে আইজেনকটকে সমর্থন জানিয়েছে কিছু দল, কিন্তু জোটের গুরুত্বপূর্ণ দুই নেতা আভিগদর লিবারম্যান ও নাফতালি বেনেটের আপত্তি রয়েছে।
হিব্রু বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক গেইল তালশির বলেন, সরকার গঠনের হিসাব কাগজে সহজ মনে হলেও বাস্তবে তা জটিল। লিবারম্যান ও বেনেট স্পষ্ট জানিয়েছেন, তারা আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন করতে চান না।
অন্যদিকে, কট্টর ইহুদি ধর্মীয় দলগুলোর সমর্থন পাওয়ার চেষ্টা করতে পারেন আইজেনকট। তবে সামরিক বাহিনীতে ধর্মীয় শিক্ষার্থীদের বাধ্যতামূলক যোগদান ইস্যুতে মতবিরোধ রয়েছে।
আইজেনকটের সামনে দুটি পথ রয়েছে: কট্টর ইহুদি ধর্মীয় দলগুলোকে সরকারে আনা অথবা প্রথমে সংখ্যালঘু সরকার গঠন করে পরে সমর্থন বাড়ানো। কিন্তু উভয় পথই ঝুঁকিপূর্ণ।
আইজেনকট যদি ব্যর্থ হন, তাহলে নেতানিয়াহুর কাছে আবারও সরকার গঠনের সুযোগ আসবে, যদিও তার জোটের আসনও মাত্র ৫৩টি। উভয় পক্ষই ব্যর্থ হলে নতুন নির্বাচনের সম্ভাবনা রয়েছে। আইজেনকটের হাতে সময় রয়েছে সর্বোচ্চ ৪২ দিন, এই সময়ের মধ্যে নির্ধারিত হবে ইসরায়েলের রাজনৈতিক অচলাবস্থা কাটবে কিনা।