আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন নূর হোসেন।
নূর হোসেনের বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লেখা ছিল। এই স্লোগান নিয়ে তিনি রাজপথে নেমে গণতন্ত্রকামী মানুষের প্রতিবাদের প্রতীক হয়ে ওঠেন। ঐতিহাসিক এই দিনে আটদলীয় জোটের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ঢাকার রাজপথে মিছিলে যোগ দেন।
তৎকালীন জিরো পয়েন্ট এলাকায় স্বৈরাচার এরশাদ সরকারের পুলিশের গুলিতে তিনি শহীদ হন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান বাবুল। নূর হোসেনের এই আত্মত্যাগ গণতন্ত্রের জন্য লড়াই করা মানুষের আন্দোলনকে আরও শক্তিশালী করে।
তবে এরশাদ সরকার ক্ষমতায় টিকে থাকলেও আন্দোলনের ধারাবাহিকতায় নানা রক্তক্ষয়ী ঘটনার পর ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে। পরবর্তীতে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসে।