প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সংসদ অধিবেশনে অভিযোগ করেছেন যে, ফ্যাসিবাদী আমলে দেশের চিকিৎসা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, বিশেষ একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করতেই স্বাস্থ্যখাত দুর্বল করা হয়েছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সোমবার বিকেলে শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে চিকিৎসার ক্ষেত্রে স্বৈরাচারের সময় চিকিৎসা ব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করা হয়েছে, দেশের মানুষকে বিশেষ কোনো দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছে।’
এ সময় প্রধানমন্ত্রী জানান, সরকার শ্রমজীবীদের চিকিৎসার সুবিধার্থে ১০০ বেডের ৬টি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। এই হাসপাতালগুলো টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার এবং চট্টগ্রামের শিল্পাঞ্চলে নির্মাণ করা হবে।
তিনি বলেন, ‘শ্রমজীবী মানুষের চিকিৎসার সুবিধার জন্য একেকটি ১০০ শয্যার করে ৬টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’
আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে দেশের জ্বালানী ও খনিজ সম্পদ ব্যবহার না করে দেশকে আমদানিনির্ভর করে রাখা হয়েছিল। তিনি বলেন, ‘বাংলাদেশের খনিজ সম্পদকে দেশের মানুষের স্বার্থে ব্যবহার না করে সকল কিছুকে আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল।’
প্রধানমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের ভুলনীতির কারণে শিল্পখাতের বিকাশ ব্যহত হয়েছে।