বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বাংলাদেশ আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না।

বাংলাদেশ আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকে ফ্যাসিবাদী সরকারের শাসনে গুম খুনের শিকার হয়েছিল দেশের জনগণ। তিনি জুলাই গণঅভ্যুত্থান দিবসকে গণতান্ত্রিক ইতিহাসের যুগান্তরকারী মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

তিনি জানান, আজকের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস তুলে ধরবে এবং বিতাড়িত ফ্যাসিবাদের মুখোশ উন্মোচিত করবে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, জাদুঘরটি ২০২৪ সালের নৃশংস ঘটনার স্মারক হতে পারে এবং বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে।

এসময় তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের ঘটনায় আইন অনুযায়ী স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বিচার করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে শহীদ হওয়া মানুষদের নামে তাদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে।

তিনি আরও জানান, আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে। বর্তমানে ৫০ জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া, গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের মধ্যে ১৩ হাজারেরও বেশি যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন