জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ১৬ বছর ধরে নিপীড়িত বিএনপি এখন ক্ষমতার পালাবদলে আগের সরকারের মতো একই চরিত্র প্রদর্শন করছে। আজ বুধবার তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ মন্তব্য করেন।
সারজিসের পোস্টে উল্লেখ করা হয়েছে, হবিগঞ্জ ও সিলেটে সন্ত্রাসী হামলার পর গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, তানভীর সম্প্রতি তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট করেছিলেন, যা পরে তিনি মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, “এতোকিছুর পরও বিএনপি এবং তারেক রহমানের পুলিশ তাদের ক্ষমতা দেখিয়েছে।” সারজিস আরও দাবি করেন, বিগত দুই বছর ধরে বিএনপির নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে নানা ধরনের পোস্ট ও মন্তব্য করেছে।
এনসিপির এই নেতা অভিযোগ করেন, ছাত্রদলের সন্ত্রাসীরা আলিফের চোখ নষ্ট করে ফেলার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, “বিএনপি এখন সেই একই চরিত্র প্রদর্শন করছে, যা তারা ১৬ বছর ধরে ভোগ করেছে।”