২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান শিখিয়েছে যে, দেশের সর্বস্তরের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়, তখন তারা দুর্ভেদ্য কাঠামোকেও পরিবর্তন করতে সক্ষম। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক বিবৃতিতে এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, "গণমানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী জুলাই। আমাদের স্মৃতিতে জুলাই দীর্ঘ, ৩৬ দিনের মাস।" তিনি জানান, এই সময় জাতি ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল।
তিনি শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, "আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আহত হয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি।"
ড. ইউনূস উল্লেখ করেন, জুলাই ছিল সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের সময়। শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, আলোকচিত্রী, রাজনীতিবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা একত্রিত হয়ে আন্দোলনে অংশ নিয়েছিলেন।
তিনি বলেন, "নারীরা যে অসীম সাহসিকতার সঙ্গে লড়েছিলেন তা দেশের নারীদের অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীদের নেতৃত্ব বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।"
সাবেক প্রধান উপদেষ্টা বলেন, "জুলাই গণ-অভ্যুত্থান আমাদের শিখিয়েছে যে, ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম।"