বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রের কাঠামো নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রের কাঠামো নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে।

রাষ্ট্রের কাঠামো নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রের নির্বাহী, আইন ও বিচার বিভাগের ক্ষেত্রে জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা এখনো পুরোপুরি পূরণ হয়নি। তিনি মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী জানান, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসব প্রত্যাশা বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত আকাঙ্ক্ষাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে রাষ্ট্র ও সমাজের কাঠামোগত পরিবর্তন নিশ্চিত করা জরুরি।

জহির উদ্দিন স্বপন বলেন, ভবিষ্যতে দেশের আর্থসামাজিক ব্যবস্থা যাতে কোনো ধরনের সংকটে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নাগরিকদের সচেতন ও সম্মিলিত অংশগ্রহণ একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ।

মন্ত্রী আরও বলেন, রাষ্ট্র পরিচালনা ও উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে যোগ্যতা ও মেধার ভিত্তিতে মানুষের কাজের সুযোগ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া যাবে না।

রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে ১৩ বার জাতীয় সংসদ নির্বাচন হলেও সংসদীয় ব্যবস্থা এখনো কাঙ্ক্ষিত শক্ত ভিত্তির ওপর দাঁড়ায়নি। একইভাবে বিচার ব্যবস্থার ক্ষেত্রেও জনগণের প্রত্যাশিত অবস্থানে দেশ এখনো পৌঁছাতে পারেনি।

মন্ত্রী বলেন, গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে রাষ্ট্রের নির্বাহী, আইন ও বিচার বিভাগের যে প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা প্রয়োজন, তা এখনো পুরোপুরি অর্জিত হয়নি। তিনি সতর্ক করেন, জুলাইয়ের রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরও কাঙ্ক্ষিত পরিবর্তন নিশ্চিত করা না গেলে দেশের আর্থসামাজিক ব্যবস্থার কাঠামোগত সমস্যা রয়েছে কি না, তা নতুন করে ভাবতে হবে।

বিজ্ঞাপন