বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ঘোষণা চিফ প্রসিকিউটরের

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ঘোষণা চিফ প্রসিকিউটরের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, গণমাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না। আজ মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালের মামলার অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, 'শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য যাতে প্রচার না হয়, আপনাদের ওপর নিষেধাজ্ঞা আছে একটা।' তবে তিনি উল্লেখ করেন, বিদ্বেষমূলক নয় এমন বক্তব্য প্রচারে আইনগত কোনো বাধা নেই।

তিনি আরও বলেন, 'বাকি বক্তব্য প্রচার করতে আইনগত বাধা কোথায়? কিন্তু আদৌ ওনার বক্তব্য পাই কি না... দেখেন না... পাঁচ তারিখ আসুক না... আমরা ৬টা-৭টা পর্যন্ত ওয়েট করি না... দেখি না!'

ব্রিফিংয়ে মো. আমিনুল ইসলাম জানান, চলতি মাসের মধ্যে আরও তিনটি মামলার রায় ঘোষণা করা হবে এবং আগামী এক বছরের মধ্যে জুলাইয়ের সব মামলার বিচার সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, 'জুলাইয়ের মামলার বিচারে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে প্রসিকিউশন।' এছাড়া বিচারিক প্রক্রিয়ায় পিক এন্ড চুজের কোনো সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

মো. আমিনুল ইসলাম বলেন, তদন্তকারী কর্মকর্তা স্বাধীনভাবে তদন্ত করেন এবং প্রসিকিউশন সেখানে হস্তক্ষেপ করে না। ট্রাইব্যুনালে সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশগুলো দ্রুত বাস্তবায়ন করার কথাও জানান তিনি, যাতে জুলাই শহীদদের মাঝে তা বিতরণ করা যায়।

বিজ্ঞাপন