রাজধানীর তিন স্থানে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ছাত্রদলের এক নেতাসহ মোট পাঁচজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মঙ্গলবার বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে সংঘর্ষগুলো ঘটে ঢাকা শিক্ষা বোর্ড, সরকারি আলিয়া মাদরাসা এবং ঢাকা কলেজ এলাকায়। ঢাকা শিক্ষা বোর্ডের সামনে ছাত্রদলের সদস্য সচিব নেছারুদ্দীন রাব্বির ওপর হামলা হয়।
আহত নেছারুদ্দীন রাব্বি জানান, তিনি ও তার বন্ধুরা শিক্ষা বোর্ডের সামনে আড্ডা দিচ্ছিলেন, তখন কয়েকজন এসে "নারায়ে তাকবীর" ধ্বনি দিয়ে তাদের ওপর হামলা চালায়। তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে সরকারি আলিয়া মাদরাসা এলাকা থেকে আহত অবস্থায় মো. সানাউল্লাহ নামে ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তার শারীরিক অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা ও ধ্রুব এবং ঢাকা কলেজের শিক্ষার্থী তাওহীদ আহত হয়েছেন। তাদেরও ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে।
সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হকও আহত হন। তাকে বিকেলের দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।