জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মো. মোজাম্মেল মামুন ডেনি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ আগস্ট-পরবর্তী সময়ে ক্যাম্পাসে যে ‘মব রাজনীতি’ শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ছাত্রদলের বিরুদ্ধে একই ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে শিবির।
ছাত্রদল দাবি করেছে, শিক্ষার্থীদের আবাসন সংকটকে কেন্দ্র করে শিবির ‘মব’ সৃষ্টির চেষ্টা করেছিল, যা সাধারণ শিক্ষার্থীরা প্রতিহত করেছে। তারা আরো জানায়, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে বিভিন্ন প্রক্রিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) একটি অংশের ওপর প্রভাব বিস্তার করলেও শিক্ষার্থীদের স্বার্থে কার্যকর ভূমিকা রাখেনি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের দুটি হল চালুর পর তৃতীয় একটি হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় শিবির শিক্ষার্থীদের আবাসনের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে মেসে মানবেতর পরিবেশে বসবাস করায় এ বিষয়ে ক্ষুব্ধ রয়েছে।
ছাত্রদল দাবি করে, স্থায়ী ও অস্থায়ী আবাসন ইস্যুতে বিতর্ক সৃষ্টি করা শিবিরের একটি রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে তারা আবাসন আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান শিক্ষার্থীদের দাবি-দাওয়া ও সংকট পর্যালোচনার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় সফর করেছেন।
ছাত্রদল আরও অভিযোগ করে, শিবির ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। তারা দাবি করে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সব সময় শান্তিপূর্ণ সহাবস্থান ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে শিবিরের প্রতি ‘সহমর্মিতার রাজনীতিতে’ ফিরে আসার আহ্বান জানিয়ে বলা হয়, অন্যথায় তাদের জনরোষের মুখে পড়তে হতে পারে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে ভাষা শহীদ রফিক ভবনের সামনে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়।