রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদরাসায় সংঘর্ষে জড়িয়ে পড়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে জবি ও ঢাকা কলেজে সংঘর্ষ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা আলিয়া মাদরাসায় সংঘর্ষ অব্যাহত ছিল।
সংঘর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ এবং ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন সাইফসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঢাকা কলেজের সংঘর্ষে আরও ৭ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুর পৌনে ১২টার দিকে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের এক অনুষ্ঠানে পৌঁছানোর পর সংঘর্ষ শুরু হয়। শিবির নেতাকর্মীদের তাড়িয়ে দিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা।
দুপুর ২টায় ক্যাম্পাসের নিকটবর্তী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জড়ো হন। হাসপাতালের মূল ফটকের বাইরে ছাত্রদল নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
ঢাকা কলেজের ক্যাম্পাসে দুপুরে ছাত্রদল মিছিল করে এবং ছাত্রশিবিরের নেতাকর্মীরা দাবি করে যে, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। তবে ছাত্রদলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জবি ও ঢাকা কলেজের সংঘর্ষের পর ঢাকা আলিয়া মাদরাসায়ও সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাদরাসার সামনের সড়কে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।