নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নিজেদের মধ্যে সংঘর্ষের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে ছাত্রদলের সহ সভাপতি পদমর্যাদার দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার দুপুরের মধ্যে ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
এছাড়া, ঘটনাকালে দুই সাংবাদিকও হেনস্তার শিকার হন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।