ফরিদপুরের বোয়ালমারীতে পরকীয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতাকে দলীয় পদ থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) পৌর জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট ওয়ার্ডের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযুক্ত মো. ইনামুল মোল্যা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি কুশাডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে এবং বোয়ালমারীর মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালে অভ্যর্থনাকারী হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইনামুলের বিরুদ্ধে কুশাডাঙ্গা গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ রয়েছে। সম্প্রতি এই বিষয়টি উভয় পরিবার ও স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর থেকেই ইনামুল আত্মগোপনে রয়েছেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইনামুল মোল্যার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়। তার পরিবারের সদস্যরাও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম জানান, দুই দিন আগে ওই নারীর স্বামী ইনামুলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্কের অভিযোগ করেন। তবে তিনি এ বিষয়ে আগে থেকে কোনো তথ্য জানতেন না।
বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগটি নিয়ে এলাকায় আলোচনা হওয়ায় ইনামুল মোল্যাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ইনামুলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।