প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছেন, গ্যাস সংকট পূর্ববর্তী সরকারের পাপের ফল। তিনি জানান, সরকার জনগণের কষ্টের দায় স্বীকার করে সংকট নিরসনে কাজ করছে।
ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে মঙ্গলবার দুপুরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংকট পুরোপুরি নিরসন হতে কমপক্ষে আরও দুই বছর লাগবে। সরকার সেই পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছে।
তিনি বলেন, সাময়িক সমস্যাগুলো মোকাবেলার জন্য সরকার উদ্যোগ নিচ্ছে যাতে জনগণের ভোগান্তি কমে।
বিরোধী দলের আন্দোলন নিয়ে তিনি বলেন, এটি গণতান্ত্রিক সরকার, তাই আন্দোলনের নামে মানুষের ভোগান্তি সৃষ্টি না করে সংসদে তাদের কথা বলার সুযোগ রয়েছে।
সরকার সংকট নিরসনে বিরোধী দলের কাছেও যৌক্তিক পরামর্শ চেয়েছে বলে জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, জনগণের কষ্টের প্রভাব আগামী স্থানীয় সরকার নির্বাচনে পড়বে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আবু ওয়াহাব আকন্দ এবং জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার এসএম হুমায়ূন কবির। অনুষ্ঠানে চার জেলার জেলা প্রশাসক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।