ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুবের সভাপতিত্বে কমিটির সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীরসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় এবং এর অধীন সকল সংস্থার প্রধানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করা হয়। মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাসমূহের কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিযোগিতা কমিশন প্রতিষ্ঠার পর গত ১০ বছরে এর প্রাতিষ্ঠানিক ব্যয়, কমিশনের মাধ্যমে আদায়কৃত জরিমানার পরিমাণ এবং নিষ্পত্তির অপেক্ষায় থাকা মামলার তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।
এছাড়া, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ক্ষেত্রে সরকারের ভর্তুকির পরিমাণ কমিয়ে আনা, ডিলার নিয়োগ প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট নীতিমালা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।