অনিয়মের অভিযোগে ৫৯ লাখ টিসিবি কার্ড বাতিল করার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির একটি অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, টিসিবির কার্যক্রমকে ডিজিটাল পদ্ধতিতে এগিয়ে নেওয়ার জন্য একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যা কার্ডধারীদের জন্য উপকারী হবে। নতুন অ্যাপের মাধ্যমে টিসিবি সম্পর্কিত সব তথ্য এখন থেকে মোবাইলের মাধ্যমে পাওয়া যাবে।
সরকার টিসিবি কার্ডধারীর সংখ্যা এক কোটিতে নেওয়ার লক্ষ্যে কাজ করছে। বর্তমানে উপকারভোগীর সংখ্যা ৭৯ লাখ ছাড়িয়েছে বলে জানান মন্ত্রী।
মন্ত্রী আরও জানান, টিসিবি কার্ডের ডিজিটাল রূপান্তরের ফলে সরকারের ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা সাশ্রয় হবে। তিনি বলেন, আগামী ৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।