ঢাকা শহরে বৃহস্পতিবার সকালে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা। সকাল ৮টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে অনেকেই কাকভেজা হয়ে কর্মস্থলে পৌঁছান।
এদিন সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, এই অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।