শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

হাতিয়ায় ৭ মন ওজনের শাপলা পাতা মাছ ধরা পড়েছে

হাতিয়ার মেঘনা নদীতে ৭ মন ওজনের শাপলা পাতা মাছ ধরা পড়েছে, স্থানীয় জেলেরা বিক্রি করেছেন ৮২ হাজার টাকায়।

হাতিয়ায় ৭ মন ওজনের শাপলা পাতা মাছ ধরা পড়েছে

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে জেলেদের জালে ৭ মন ওজনের একটি বিশাল শাপলা পাতা মাছ ধরা পড়েছে। বুধবার দুপুরে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে গাজি মেম্বারের মাছের আড়ৎ থেকে স্থানীয় বিষু বেপারী মাছটি ৮২ হাজার টাকায় কিনে নেন।

আড়ৎদার আকবর হোসেন জানান, হাতিয়ার ভাসান চরের কাছে মেঘনা নদীতে মঙ্গলবার জেলেদের চরঘেরা জালে মাছটি আটকা পড়ে। গাজী মেম্বারের মাছধরা ট্রলারে থাকা জেলেরা নদীতে এ জাল বসান।

বুধবার দুপুরে চেয়ারম্যান ঘাটে গাজি মেম্বারের আড়তে মাছটি বিক্রির জন্য তোলা হলে বিষু বেপারী ৮২ হাজার টাকা দিয়ে কিনে নেন। তিনি জানান, মাছটি তিনি রাজধানী ঢাকা বা চট্টগ্রামে বিক্রি করতে নিয়ে যাবেন।

হাতিয়ার উপজেলা মৎস্য অফিসারের অতিরিক্ত দায়িত্বে থাকা সুবর্ণচর উপজেলা মৎস্য অফিসার মো. ফয়জুর রহমান বলেন, চরঘেরা জাল নদীতে চারপাশে শক্ত খুঁটির সাথে বেঁধে বসানো হয়। নদীতে ভাসার সময় পানি শুকিয়ে গেলে সব মাছ এ জালে আটকে থাকে। তবে, এ জাল সরকার নিষিদ্ধ করেছে।

তিনি আরো বলেন, শাপলা পাতা মাছ ধরা মৎস্য আইনে নিষিদ্ধ নয়। তবে, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী শাপলা পাতা বা পাতা মাছ শিকার নিষিদ্ধ। চেয়ারম্যান ঘাটে শাপলা পাতা মাছ বিক্রির বিষয়টি জানা নেই বলে জানান তিনি।

বিজ্ঞাপন