গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন ধসে পড়ার পর অন্তত ১০০ জন ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। উদ্ধারকারী দল সূত্রে জানা গেছে, আটকে পড়াদের মধ্যে ৫০ জন শিশু রয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) গাজার সিভিল ডিফেন্স দলের সদস্যরা জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা আটকে পড়া মানুষদের উদ্ধারে প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড়ের চেষ্টা করছেন।
স্থানীয়রা জানিয়েছেন, ভবনটি পূর্বে ইসরায়েলি হামলায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে আশ্রয়ের অভাবে ফিলিস্তিনিরা বাধ্য হয়ে ওই ভবনের ভেতর অবস্থান করছিলেন।
উদ্ধারকারী দলের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১টার দিকে ভবনটি ধসে পড়ে, তখন ভেতরে থাকা মানুষজন ঘুমিয়ে ছিলেন। গাজার চলমান সংঘাতের মধ্যে আবাসিক ভবনের ধসে হতাহতের ঘটনাটি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে থাকা মানুষদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন।