বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মক্কায় ড্রোন হামলার চেষ্টা মুসলমানদের অনুভূতিতে আঘাত: সৌদি আরব

মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টাকে সৌদি আরব 'মুসলিমদের অনুভূতিতে আঘাত' বলেছে।

মক্কায় ড্রোন হামলার চেষ্টা মুসলমানদের অনুভূতিতে আঘাত: সৌদি আরব

মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টাকে 'মুসলিমদের অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে চালানো পরিকল্পিত উসকানি' হিসেবে আখ্যায়িত করেছে সৌদি আরব।

সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, 'এই শত্রুতাপূর্ণ প্রচেষ্টা উগ্র সন্ত্রাসী বাহিনী হুতি মিলিশিয়ার লঙ্ঘনের তালিকায় আরেকটি কালো অধ্যায় হিসেবে থেকে যাবে। এটি লাখো মুসলমানের অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে করা একটি পরিকল্পিত কর্মকাণ্ড।'

তিনি হুতিদের বিরুদ্ধে 'প্রয়োজনীয় ও প্রতিরোধমূলক ব্যবস্থা' নেওয়ার অঙ্গীকারও করেছেন।

অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) এ ঘটনায় নিন্দা জানিয়েছে। ৫৭টি মুসলিম দেশের এই জোট, যা বিশ্বের প্রায় ১৫০ কোটি মুসলমানের প্রতিনিধিত্ব করে, বলেছে, এ ধরনের হামলার চেষ্টা 'পবিত্র স্থান ও মসজিদের মর্যাদা লঙ্ঘন করে' এবং নিরীহ বেসামরিক মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।

মক্কার কাছে ড্রোন ভূপাতিতের ঘটনা এমন এক সময়ে ঘটে, যখন ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে হুতিরা সৌদি আরবের কয়েকটি শহর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলে অভিযোগ করেছে রিয়াদ।

এসব হামলায় খামিস মুশাইত, আভা ও তাইফ শহরে ১৩ জন বেসামরিক মানুষ আহত হন। এর আগে, রোববার (১৩ সেপ্টেম্বর) সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দায়ও স্বীকার করে হুতিরা।

পাল্টা হিসেবে হুতিরা দাবি করেছে, গত শনিবার ও মঙ্গলবার, ইয়েমেনের তাদের নিয়ন্ত্রিত এলাকায় সৌদি বাহিনী বিমান হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের বিরুদ্ধে সামরিক তৎপরতা বাড়িয়েছে হুতিরা।

এছাড়া, নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকার পরিধিও বাড়িয়েছে তারা। গত সপ্তাহে, ইয়েমেনের লোহিত সাগর উপকূলের একটি বন্দরনগরী এবং গুরুত্বপূর্ণ একটি নৌপথের কাছের একটি দ্বীপের নিয়ন্ত্রণ নেয় গোষ্ঠীটি।

বিজ্ঞাপন