বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মক্কা, জেদ্দা, তায়েফে সম্ভাব্য হামলার সতর্কতা জারি

মক্কা, জেদ্দা ও তায়েফে সম্ভাব্য হামলার সতর্কতা জারি করেছে সৌদি সিভিল ডিফেন্স।

মক্কা, জেদ্দা, তায়েফে সম্ভাব্য হামলার সতর্কতা জারি

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ শহর, মক্কা, জেদ্দা এবং তায়েফে ‘সম্ভাব্য হামলা’ নিয়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ (সিভিল ডিফেন্স) এই সতর্কতা ঘোষণা করে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানায়।

সৌদি সিভিল ডিফেন্স জানায়, জাতীয় জরুরি সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এই সতর্কবার্তা পাঠানো হয়েছে। তবে কর্তৃপক্ষ এখনও কী ধরনের বিপদ সৃষ্টি হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। সতর্কবার্তা পাওয়ার পর বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে।

বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে, সম্ভব হলে ভবনের অভ্যন্তরে বা জানালা থেকে দূরে অবস্থান করতে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত সেখানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। খোলা জায়গা, জানালা, বারান্দা ও ছাদ থেকে দূরে থাকতে বলা হয়েছে।

যারা সতর্কবার্তা পাওয়ার সময় বাইরে ছিলেন, তাদের দ্রুত কাছের কোনো ভবনে ঢুকে আশ্রয় নিতে বলা হয়েছে। গাড়িচালকদের জন্যও সতর্কতা জারি করা হয়েছে। জরুরি সতর্কবার্তা পাওয়ার পর সেতু ও উঁচু ভবনের কাছ থেকে নিরাপদ স্থানে গাড়ি থামানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, জনসমাগম ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার পাশাপাশি কেবল সরকারি ও নির্ভরযোগ্য চ্যানেলের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। তবে, কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্ভাব্য বিপদের ধরন বা উৎস সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

এদিকে, সৌদি আরব ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যে সংঘাত বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়েছে। হুতিরা সৌদি আরবের বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে সৌদি বাহিনী ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই পরিস্থিতির মধ্যে মক্কা ও জেদ্দার মতো গুরুত্বপূর্ণ শহরে সতর্কতা জারি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন