রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ মঙ্গলবার রাজধানীতে সিরডাপ ভবনে অনুষ্ঠিত জলবায়ু বিষয়ক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ প্রায় এক দশক ধরে ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে, যা জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের ওপর বাড়তি পরিবেশগত চাপ সৃষ্টি করছে। এই প্রেক্ষাপটে, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
শামা ওবায়েদ বলেন, আসন্ন কপ সম্মেলনে প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনসহ পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চাইবেন। তিনি জানান, জলবায়ু অর্থায়ন সম্পর্কিত চারটি দাবি ৮১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ তুলে ধরবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জলবায়ু অর্থায়ন ঋণ হিসেবে নয়, কার্যকর সহায়তা হিসেবে চায়। এছাড়া, পাটজাত পণ্যকে পরিবেশবান্ধব ও বায়োডিগ্রেডেবল ন্যাচারাল ফাইবার হিসেবে বিশ্বে তুলে ধরার পরিকল্পনার কথা জানান তিনি।
জলবায়ু সংকট মোকাবিলায় পাটের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকারের রাজনৈতিক অঙ্গীকার অনুযায়ী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।