বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শহীদ সেনাসদস্যের পরিবারের সদস্যদের

প্রধানমন্ত্রী শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং আর্থিক সহায়তা প্রদান করেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শহীদ সেনাসদস্যের পরিবারের সদস্যদের

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে তেজগাঁওয়ে তার কার্যালয়ে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় প্রধানমন্ত্রী শহীদ সেনাসদস্যদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, 'দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তাঁরা দেশের জন্য শহীদ হয়েছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।'

প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের আশ্বাস দেন যে সরকার ও সেনাবাহিনী সব সময় তাঁদের পাশে থাকবে।

প্রধানমন্ত্রী জানান, শহীদ সেনাসদস্যদের পরিবারের জন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে এবং তাঁদের দেখভালেও দায়িত্ব পালন করবে।

গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক এবং সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত শহীদ হন।

সাক্ষাতে আবু বকর সিদ্দিকের পরিবারের সদস্যদের মধ্যে তাঁর স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশু কন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার উপস্থিত ছিলেন। মো. তাসনিম রিফায়াতের পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন তাঁর স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশু কন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।

বিজ্ঞাপন