ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় হতাহতের ঘটনায় ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পুলিশ প্রথমে ছয়জনের মৃত্যুর তথ্য জানালেও বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর জানান, স্বাভাবিক কারণে তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, অগ্নিকাণ্ডের সময় পদদলিত হয়ে কেউ মারা যাননি।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের নতুন ভবনের আটতলায় আগুন লাগে। আগুনের খবর ছড়িয়ে পড়তেই রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। অভিযোগ উঠেছে, ওই ভবনের চারটি সিঁড়ির মধ্যে মাত্র একটি খোলা ছিল।
এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার করে সবাইকে সতর্ক করেন। তবে, একটি গেট বন্ধ থাকায় অনেকেই বের হতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে, এই বিষয়ে তদন্ত চলছে।
অগ্নিকাণ্ডের পর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে বিভাগীয় কমিশনার বলেন, গণমাধ্যমে আসা প্রাণহানির তালিকাটি পুরোপুরি সঠিক নয়।
বিভাগীয় কমিশনার আরও জানান, অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের বেশিরভাগ সিঁড়ি কেন তালাবদ্ধ ছিল, তা খতিয়ে দেখা হবে। এ ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।