বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির মৃত্যুর তদন্তে তার ঘনিষ্ট বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান শুক্রবার (৩০ অক্টোবর) সাংবাদিকদের বলেন, "দীপ নানা তথ্য দিয়েছে, তবে সব তথ্য আমরা বিশ্বাস করি না। প্রতিটি বিষয় যাচাই করে দেখতেছি।"
অতিরিক্ত ডিআইজি জানান, তদন্তে সহায়তার জন্য তারা ছায়া তদন্ত (শ্যাডো ইনভেস্টিগেশন) পরিচালনা করছেন। তিনি বলেন, "নৌ পুলিশ বাংলাদেশের পুলিশের একটি গুরুত্বপূর্ণ শাখা, এবং পিবিআইও পুলিশের একটি বিশেষায়িত সংস্থা। তাই নৌ পুলিশের তদন্তে সহায়তা করতেই আমরা এই কার্যক্রম চালাচ্ছি।"
তদন্তের এক পর্যায়ে জানা যায়, সৌরি নিখোঁজ হওয়ার রাতে দীপ নামে একজন বন্ধু তার সঙ্গে ছিলেন। দীপ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে সেটি সৌরীর সঙ্গে সংশ্লিষ্ট কিনা, তা এখনও নিশ্চিত নয়।
এনায়েত হোসেন মান্নান বলেন, "দীপের দেওয়া তথ্য অনুযায়ী, তারা ওই এলাকায় গিয়েছিলেন এবং কোথায় কোথায় গিয়েছিলেন, সে সম্পর্কেও বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তবে যাচাই ছাড়া কোনো তথ্যের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছাতে চাই না।"
তিনি আরও জানান, "দীপ অনেক তথ্য দিয়েছেন, তবে সেসব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়। কারণ, যাচাই না করে প্রকাশ করলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে।"
ঘটনাস্থলে পুলিশের মতো পোশাক পরা দুজনকে দেখে দীপ ও সৌরি দৌড়ে পালান বলে জানিয়েছেন মান্নান। তবে ওই দুইজনের পরিচয় এখনও নিশ্চিত হয়নি। তিনি বলেন, "ঘটনাস্থলটি খোলা মাঠ, যার তিন দিকেই নদী। দীপের দেওয়া তথ্যের সঙ্গে ঘটনাস্থলের পরিস্থিতি ও প্রযুক্তিগত তথ্য মিলিয়ে দেখা হচ্ছে।"
অতিরিক্ত ডিআইজি বলেন, "অনেক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তবে কিছু ফুটেজ বিভ্রান্তিকর হওয়ায় প্রতিটি ফুটেজ ও তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করা হচ্ছে।"